ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

২০ বছরের পুরনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট


                            ২০ বছরের পুরনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ২০:৫২

২০ বছরের পুরনো বাস ও মিনিবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ফিটনেস থাকা গাড়ি সড়কে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি। আগামী ২৯ অক্টোবরের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না এলে ১ নভেম্বর থেকে রংপুর বিভাগের সব জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।

শনিবার (১৭ অক্টোবর) রাতে রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া। তিনি বলেন, গাড়ির বয়সের ভিত্তিতে চলাচল বন্ধ না করে এর প্রকৃত অবস্থা, যান্ত্রিক সক্ষমতা ও ফিটনেস বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় পরিবহন খাতে সংকট তৈরি হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে।

লিখিত বক্তব্যে বলা হয়, বিআরটিএর নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এ নিয়মের কারণে সারা দেশে নিবন্ধিত ২০ বছরের পুরনো ৫৬ হাজারের বেশি বড় বাস ও ২৮ হাজারের বেশি মিনিবাস চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পরিবহন মালিকদের দাবি, এত বিপুলসংখ্যক গাড়ি একসঙ্গে চলাচলের বাইরে চলে গেলে বিকল্প পরিবহনের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা কঠিন হবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সারা দেশে নতুন নিবন্ধন পাওয়া বাসের সংখ্যা ছিল ১ হাজার ৭৩৬টি।

এর মধ্যে মিনিবাস ছিল ২২০টি। ফলে পুরনো গাড়ি সরিয়ে নেওয়ার সঙ্গে তাল মিলিয়ে নতুন গাড়ি যুক্ত না হলে যাত্রী পরিবহনব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে।

বয়স নয়, ফিটনেসকে গুরুত্ব দেওয়ার দাবি

সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা বলেন, একটি গাড়ির বয়স ২০ বছর হলেই সেটি চলাচলের অনুপযোগী হয়ে যায় না। নিয়মিত রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ পরিবর্তন ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে পুরনো গাড়িও চলাচলের উপযোগী রাখা সম্ভব। তাই শুধু বয়সের ভিত্তিতে গাড়ি বাতিল না করে কারিগরি পরীক্ষা ও ফিটনেসের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।

তাদের দাবি, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় নির্ধারিত শর্তে চেসিস ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তনের সুযোগ রয়েছে। এ অবস্থায় গাড়ির বয়সকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হলে আইনের ওই বিধানের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হতে পারে।

রংপুর অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে পরিবহন নেতারা বলেন, এ অঞ্চল কৃষিনির্ভর। এখানকার অনেক পরিবহন মালিক ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের পক্ষে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নতুন বাস কেনা সম্ভব নয়। পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কেনার বাধ্যবাধকতা তৈরি হলে অনেক মালিক আর্থিক সংকটে পড়বেন। এর প্রভাব পড়বে পরিবহন ব্যবসা, শ্রমিকদের কর্মসংস্থান ও যাত্রীসেবায়।

নেতাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু আমদানিকারককে সুবিধা দিতে আমলাতান্ত্রিক পর্যায় থেকে সরকারকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। তাদের দাবি, এর ফলে বাস্তবতা বিবেচনা না করেই পরিবহন মালিকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে।

বৈদেশিক মুদ্রার ওপর চাপের আশঙ্কা

সংবাদ সম্মেলনে বলা হয়, বিপুলসংখ্যক পুরনো বাস একযোগে বাতিল করে নতুন গাড়ি আমদানি করতে হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। অন্যদিকে, সচল রাখা সম্ভব এমন গাড়িতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোজন ও মেরামতের মাধ্যমে পরিবহনসেবা চালু রাখলে তুলনামূলক কম খরচে সংকট মোকাবিলা করা সম্ভব।

পরিবহন নেতারা বলেন, পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে গাড়ির প্রকৃত অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা ফিটনেসবিহীন গাড়ি চলাচলের পক্ষে নন। তাঁদের মূল দাবি, ফিটনেস থাকা গাড়ি যেন শুধু বয়সের কারণে বাতিল না হয়।

ধর্মঘট হলে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা

রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ হলে আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়তে পারেন। পণ্য পরিবহন ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির উপদেষ্টা ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির সভাপতি শ্রী ভবানী শংকর আগরওয়াল, সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজসহ পরিবহন খাতের নেতারা।

সমিতির নেতারা জানান, আগামী ২৯ অক্টোবরের মধ্যে দাবির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা ঘোষণা চান তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে রংপুর বিভাগের সব জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালন করা হবে।

  • বিষয় :

আরও পড়ুন

×