সীতাকুণ্ডে যুবদল কর্মীকে কুপিয়ে-গুলি করে হত্যা, গ্রেপ্তার ১
রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: ১৮ October ২০২৬ | ১২:২৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় তারেক হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত শাওন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অলিনগর এলাকায় স্থানীয় যুবদল নেতা সাদ্দামের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পী সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাপ্পী ও শাওনের গতিরোধ করে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল। পরে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁদের মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে এবং একপর্যায়ে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে সরে যায়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পীকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ শাওনকে আইসিইউতে ভর্তি করা হয়।
এলাকাবাসীর ধারণা, এলাকায় বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আরিফ নামের এক বিএনপি কর্মীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তবে তাঁর সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, যুবদলের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ও আহত দুজনই যুবদল নেতা সাদ্দাম হোসেনের অনুসারী। তাঁদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
ওসি আরও জানান, হামলার পর দুর্বৃত্তরা হতাহত ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় জাবেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- যুবদল কর্মী নিহত
- সীতাকুণ্ড