জয়পুরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ; আটক ১
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৯ June ২০২৬ | ১৪:১৮
জয়পুরহাটের সদর উপজেলায় বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী রাজ কুমার (৩৫) তাকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) ভোররাতে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই রাজ কুমারের একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। স্বজনদের দাবি, এসব বিরোধের জের ধরেই ভোররাতে বন্দনা রানীকে মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।
নিহতের বোন স্বাধনা অভিযোগ করে বলেন, “আমার ভগ্নিপতির একাধিক পরকীয়া সম্পর্ক ছিল। আমার বোন এর প্রতিবাদ করায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরকীয়ার জেরেই আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা বাবুল। তার দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলেও বন্দনা রানীকে হত্যা করা হয়নি। তিনি রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামী রাজ কুমারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
- বিষয় :