শ্রমিক মৃত্যুর বিচার দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ June ২০২৬ | ১৫:৩৫
শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি এলাকায় অবস্থিত কালার কো লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিহত শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর বিচার দাবিতে শ্রমিকরা শ্রীপুর-তেলিহাটি সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।
তিনি বলেন, অবরোধ তুলে নিতে পুলিশ এগিয়ে গেলে কিছু বিক্ষুব্ধ শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা সড়ক অবরোধের পাশাপাশি কারখানায় হামলারও চেষ্টা করেন। পরিস্থিতি অবনতির দিকে গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও জানান, শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এর আগে বৃহস্পতিবারও এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের সুযোগে একদল দুর্বৃত্ত আশপাশের চারটি কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। পরে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বুধবার রাতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন কালার কো লিমিটেডের শ্রমিক লিজা আক্তার। অভিযোগ রয়েছে, তিনি তিন দফা ছুটি চাইলেও তা মঞ্জুর করা হয়নি এবং অসুস্থ অবস্থায় তাকে কাজ করতে বাধ্য করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পরদিন এ খবর ছড়িয়ে পড়লে সহকর্মী শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষোভের সূত্রপাত ঘটে।
- বিষয় :