চিনি খেলেই কি ক্যানসার হয়? প্রচলিত ধারণা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ June ২০২৬ | ০৯:৩৮
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন দাবি দেখা যায় যে চিনি ক্যানসারের অন্যতম প্রধান কারণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে চিনিকে নানা জটিল রোগের মূল উৎস হিসেবে তুলে ধরা হয়। তবে ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে গুরগাঁওভিত্তিক কনসালট্যান্ট সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. বর্তিকা বিষ্ণাণীর বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, চিনি খাওয়ার সঙ্গে সরাসরি ক্যানসার হওয়ার সম্পর্ক বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়।
তার ভাষ্য, কেউ যদি চকলেট, কেক বা অন্যান্য মিষ্টিজাতীয় খাবার খান, সেটি এককভাবে ভবিষ্যতে ক্যানসারের কারণ হবে—এমন দাবি সঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নানা তথ্যের পরিবর্তে মানুষের উচিত গবেষণাভিত্তিক বৈজ্ঞানিক তথ্যের ওপর আস্থা রাখা।
ডা. বিষ্ণাণী জানান, অনেকেই পিইটি (PET) স্ক্যানের ছবিতে যেসব অংশ উজ্জ্বল দেখা যায়, সেগুলোকে শুধু ক্যানসার কোষ হিসেবে ব্যাখ্যা করেন। বাস্তবে বিষয়টি এমন নয়। মস্তিষ্ক, কিডনি, অন্ত্রসহ শরীরের বিভিন্ন সক্রিয় অঙ্গও স্ক্যানে একইভাবে দৃশ্যমান হয়, কারণ এসব কোষ শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ ব্যবহার করে।
তিনি ব্যাখ্যা করেন, মানবদেহের প্রতিটি জীবন্ত কোষই শক্তির উৎস হিসেবে গ্লুকোজ বা চিনির ওপর নির্ভরশীল। খাদ্য থেকে পর্যাপ্ত গ্লুকোজ না পেলে শরীর প্রয়োজনীয় শক্তি তৈরির জন্য পেশিসহ অন্যান্য টিস্যু ভাঙতে শুরু করে।
বিশেষজ্ঞের মতে, ক্যানসার কোষ দ্রুত বিভাজিত হওয়ায় স্বাভাবিক কোষের তুলনায় বেশি শক্তি ব্যবহার করে। তবে তাই বলে চিনি সম্পূর্ণ বাদ দেওয়া বা উপোস করলে ক্যানসার কোষ ধ্বংস হয়ে যাবে—এমন ধারণারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এতে শরীর আরও দুর্বল হয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, অতিরিক্ত চিনি গ্রহণ, স্থূলতা এবং বিভিন্ন বিপাকজনিত সমস্যা দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে এর জন্য দায়ী মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন, শুধুমাত্র চিনি নয়।
ডা. বর্তিকা বিষ্ণাণী পরামর্শ দেন, প্রতিদিন অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে ফল, পূর্ণ শস্য ও ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খাদ্যতালিকা থেকে বাদ দেওয়াও উচিত নয়। তার মতে, সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনই ক্যানসারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে সবচেয়ে কার্যকর উপায়।
- বিষয় :