গরমে ডাবের পানির উপকারিতা: শরীর ঠান্ডা রাখে, দূর করে ক্লান্তি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ April ২০২৬ | ১১:০৭
গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় খনিজ লবণ বেরিয়ে যায়। ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা ও ইলেকট্রোলাইট দ্রুত শরীরকে পুনরায় শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে শরীরকে চনমনে করে তোলে।
তীব্র গরমে অনেকের ক্ষেত্রে পানিশূন্যতার কারণে প্রস্রাবে জ্বালাপোড়া বা সংক্রমণের ঝুঁকি দেখা দেয়। ডাবের পানি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে মূত্রনালিকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
এছাড়া ঘামের মাধ্যমে খনিজ হারানোর ফলে রক্তচাপের ওঠানামা হতে পারে। ডাবের পানিতে থাকা পটাশিয়াম হৃদ্যন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে।
ডাবের পানিতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাসসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট থাকে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ব্যায়ামের পর এটি শরীরের তরল ভারসাম্য দ্রুত পুনরুদ্ধারে কার্যকর এবং পাকস্থলীতে কোনো অস্বস্তি তৈরি করে না।
ত্বকের যত্নেও ডাবের পানি উপকারী ভূমিকা রাখে। এটি শরীরের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ভেতর থেকে সতেজ রাখতে সাহায্য করে, ফলে রোদে পোড়াভাব কমে।
নিয়মিত ডাবের পানি পান কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এবং প্রস্রাবের মাধ্যমে শরীরের ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে। এতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কিছুটা কমতে পারে বলে মনে করা হয়।
তবে বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী, ডাবের পানিতে প্রাকৃতিক সুগার থাকায় ডায়াবেটিস রোগীদের এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। একইভাবে যাঁদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি বা গুরুতর কিডনি সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডাবের পানি পান না করাই ভালো।
- বিষয় :