ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ October ২০২৬ | ১৬:৪৯
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে লুটপাটকারীদের মোকাবিলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে চলমান সংকট আরও ঘনীভূত হওয়ার পেছনে পূর্বাভাস ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যর্থতা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এলিসি প্যালেস জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজকে দায়িত্বে বহাল থাকার কথা বলেছেন ম্যাক্রোঁ। পাশাপাশি চলমান সহিংসতা ও লুটপাট মোকাবিলায় দ্রুত নতুন কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি।
সংকট নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কর্মপদ্ধতি নির্ধারণ করতেও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
সম্প্রতি ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত শনিবার ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সহিংস দিন। ওই দিন দেশটির বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়া হয়। শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ স্বীকার করেন, বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনার মধ্যে নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে দায়িত্বে বহাল রেখেছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে নতুন কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।