পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ October ২০২৬ | ১৩:২৯
পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা, নুশকি এবং খুজদার জেলায় তিনটি গোয়েন্দাভিত্তিক অভিযানে ‘ভারত-পৃষ্ঠপোষকতাপুষ্ট’ আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ অক্টোবর শনিবার রাষ্ট্র কর্তৃক ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে আখ্যায়িত ভারতীয় প্রক্সি গোষ্ঠীর উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অপারেশনগুলো পরিচালনা করা হয়। কোয়েটার পাঞ্জপাই এলাকায় সড়ক অবরোধের চেষ্টা চালানো পাঁচজন, নুশকিতে দুই সন্ত্রাসী এবং খুজদারে ৪৯০ কেজি বিস্ফোরকসহ এক সন্ত্রাসী নিহত হয়।
জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে গৃহীত ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের অধীনে শুরু হওয়া এই অবিরাম সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সেনা কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি পৃথক বিবৃতিতে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য মতে বালুচিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাওয়ায় অভিযান জোরদার করা হয়েছে। চলতি মাসে ওয়াসুক, মাস্তুং এবং অন্যান্য জেলায় চালানো অভিযানে নিষিদ্ধ সংগঠন টিটিপির সদস্য এবং দুই সম্ভাব্য নারী আত্মঘাতী বোমারু সহ বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।