ভারতের দিল্লিতে পাঁচতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার শঙ্কা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭ October ২০২৬ | ১৯:৪১
ভারতের নয়াদিল্লিতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাওয়ার পর একাধিক গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। এখনো সেখানে উদ্ধার ও তল্লাশি কাজ চলছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। কেউ কেউ খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আবার অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছেন।
ঘটনার পর দিল্লি ট্রাফিক পুলিশ স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করতে রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানানো হয়েছে।
দিল্লি ট্রাফিক পুলিশ এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সবাইকে সম্ভব হলে এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং করা বা ভিড় না করার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এই ঘটনার মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এর এক মাসের মধ্যে ফের বহুতল ভবন ধসের ঘটনায় দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।
- বিষয় :
- ভারতের দিল্লিতে পাঁচতলা ভবন ধস