ব্যবসায়িক গাড়ি কেনায় উদ্যোক্তাদের জন্য ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ May ২০২৬ | ০৯:০৭
ব্যবসার প্রসার ও পণ্য পরিবহন সহজ করতে ক্ষুদ্র, মাঝারি ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু রেখেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ‘এসএমই বাহন’ নামে এই ঋণসেবার মাধ্যমে উদ্যোক্তারা ট্রাক, পিকআপসহ বিভিন্ন বাণিজ্যিক যানবাহন কেনার জন্য সর্বোচ্চ এক কোটি টাকা বা গাড়ির মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন পেতে পারেন।
ব্যবসার ধরন অনুযায়ী নিয়মিত পণ্য পরিবহনের প্রয়োজন হয়। তবে নিজস্ব যানবাহন না থাকায় অনেক উদ্যোক্তাকে ভাড়ার ওপর নির্ভর করতে হয়, যা ব্যয় বাড়িয়ে দেয় এবং ব্যবসার গতি কমিয়ে দেয়। এ পরিস্থিতিতে নিজস্ব পরিবহন ব্যবস্থার সুযোগ তৈরি করতেই আইডিএলসির এই উদ্যোগ।
২০১১ সালে চালু হওয়া ‘এসএমই বাহন’ ঋণসুবিধা নতুন ও পুনর্ব্যবহৃত—উভয় ধরনের গাড়ির জন্য প্রযোজ্য। এটি মূলত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, পরিবহন সেবা প্রদানকারী এবং ক্রমবর্ধমান ব্যবসায়ীদের জন্য প্রণীত। বাণিজ্যিক ব্যবহার ছাড়াও করপোরেট বা নির্বাহী ব্যবহারের ক্ষেত্রেও এই অর্থায়ন পাওয়া যায়।
এই ঋণে সুদের হার সাধারণত ১৩ থেকে ১৫ শতাংশের মধ্যে থাকে এবং পরিশোধের সময়সীমা ১ থেকে ৫ বছর। মাসিক কিস্তির মাধ্যমে সহজ শর্তে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। ঋণ চলাকালে গাড়ির মালিকানা আইডিএলসির নামে থাকলেও সম্পূর্ণ ঋণ পরিশোধের পর মালিকানা গ্রাহকের নামে হস্তান্তর করা হয়।
ঋণ পেতে উদ্যোক্তাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স (ব্যবসায়িক অনুমতিপত্র), জাতীয় পরিচয়পত্র, কর শনাক্তকরণ নম্বরের সনদ, কর পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পাশাপাশি গত ১২ মাসের বিক্রির তথ্য, ব্যাংক হিসাবের বিবরণী ও ভাড়ার রসিদও জমা দিতে হতে পারে।
আইডিএলসি জানিয়েছে, এ পর্যন্ত ২ হাজারের বেশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই সুবিধা গ্রহণ করেছেন এবং মোট প্রায় ৬৭১ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা—বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় তারা মাত্র ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারেন।
ব্যবসা সম্প্রসারণে নিজস্ব পরিবহন নিশ্চিত করতে এই ঋণসুবিধা উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে।
- বিষয় :