পেশাজীবী ক্যাটাগরিতে ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন মো. শাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ May ২০২৬ | ১২:৪৫
বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’। রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি তার হাতে এ সম্মাননা তুলে দেন।
এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান (কৃষি), চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা) (শিল্প ও সংস্কৃতি) এবং দৃক-এর প্রতিষ্ঠাতা শহীদুল আলম, যিনি আজীবন সম্মাননায় ভূষিত হন।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি দেশের আতিথেয়তা শিল্পে নতুন উচ্চতা ছুঁয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত আন্তর্জাতিক মানের হোটেল ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো—দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসায় প্রিমিয়াম রেসিডেন্স—সেবার উৎকর্ষ, টেকসই ব্যবস্থাপনা এবং পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সম্মাননা গ্রহণ করে মো. শাখাওয়াত হোসেন বলেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়; বরং তার সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফল। তিনি ভবিষ্যতেও দেশের আতিথেয়তা ও পর্যটন খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে তিনি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস থেকে ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’, নেপালের হাই-এইম কনফারেন্সে ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’, আমেরিকান কারি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট হসপিটালিটি আইকন’সহ দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়া ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) এবং বিআইএইচএ থেকেও একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
১৯৮৪ সাল থেকে প্রকাশিত ‘হু’স হু’ ডিরেক্টরি বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের জীবনপঞ্জি সংরক্ষণ করে আসছে। ঢাকায় পঞ্চমবারের মতো আয়োজিত এই সম্মাননা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব, উদ্ভাবন ও সেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
মো. শাখাওয়াত হোসেনের এই অর্জন দেশের আতিথেয়তা খাতের পেশাজীবীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।
- বিষয় :