বিপুলসংখ্যক লেখকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘ঐতিহ্য রাইটার্স ডে ২০২৬’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ October ২০২৬ | ১৭:৪০
সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ১৭ দিনব্যাপী ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। গত ১৫ অক্টোবর অনানুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কার্নিভাল চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে কার্নিভাল।
‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যে আয়োজিত এই কার্নিভালের লক্ষ্য পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার নিবিড় সংযোগ গড়ে তোলা।
‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’-এর তৃতীয় দিনে শনিবার, ১৭ অক্টোবর, অনুষ্ঠিত হয়েছে ‘ঐতিহ্য রাইটার্স ডে ২০২৬’। ঐতিহ্য প্রকাশিত বইয়ের বিপুলসংখ্যক লেখকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লেখক, প্রকাশক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে তৈরি হয় আন্তরিক ও আনন্দঘন পরিবেশ। লেখকদের পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং লেখালেখি নিয়ে ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে সাহিত্য ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলনমেলা।
দিনের আয়োজনের ধারাবাহিকতায় বিকেল ৫টা ৩০ মিনিটে মোড়ক উন্মোচন করা হয় অভীক ওসমান সংগৃহীত, ভূমিকা রচিত ও সম্পাদিত ‘হতাশ জীবন’ বইটির। বইটির লেখক মোহাম্মদ মনিরুজ্জামান এছলামাবাদী। নতুন বইয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কার্নিভালের সাহিত্যভিত্তিক আয়োজনে যুক্ত হয় নতুন মাত্রা।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয় সংগীতসন্ধ্যা। সংগীতের সুর ও পরিবেশনার মধ্য দিয়ে সাহিত্য ও সংস্কৃতিনির্ভর এই আয়োজনে যোগ হয় ভিন্নমাত্রা। বই, লেখালেখি ও সংগীতের সম্মিলনে কার্নিভালের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
কার্নিভালে ঐতিহ্যের পাশাপাশি অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনা। ফুড পার্টনার হিসেবে রয়েছে নির্বাচিত পাকেরঘর।
বইপ্রেমীদের জন্য কার্নিভালে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাচ্ছে বুকমার্ক। অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়।
রোববার, ১৮ অক্টোবর, ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’-এ বিকেল ৫টা ৩০ মিনিটে মোড়ক উন্মোচন করা হবে মুহাম্মদ শহীদুল ইসলাম সংকলিত ও সম্পাদিত ‘ভাষা-বিতর্ক : উনিশ শতক (দ্বিতীয় খণ্ড)’ বইটির। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে ‘বাংলা কবিতা ও দৈনিকের সাহিত্য সাময়িকী’ শীর্ষক ওপেন এয়ার পডকাস্টে অংশ নেবেন কবি আসাদুল ইসলাম, কবি জুননু রাইন ও কবি নকিব মুকশি।
সাহিত্য, বই ও সংস্কৃতিকে কেন্দ্র করে পাঠক-লেখকের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা নিয়ে আয়োজিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’-এ সব পাঠক, লেখক, শিক্ষার্থী ও বইপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ঐতিহ্য।