তুমি ফুটবলের জন্য যা করেছ, বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ: নেইমার
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ০৭ October ২০২৬ | ১৮:৩১
দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। ঐতিহাসিক এই বিদায়বেলায় সাবেক সতীর্থ ও পরম বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুলেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগপ্রবণ বার্তায় মেসির প্রতি গভীর শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি ও নেইমার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তৈরি হয়েছিল তাদের অটুট বন্ধুত্ব।
বিদায়ী ম্যাচের আগে সেই স্মৃতি ও সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে নেইমার লেখেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা এত বছর ধরে তোমার খেলা উপভোগ করেছে।’
আর্জেন্টাইন মহাতারকার অবদানের কথা স্মরণ করে ম্যাচের আগে নেইমার লেখেন, ‘আজ তোমার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, প্রতিটি মুহূর্ত তুমি প্রাণভরে উপভোগ করবে। আজকের প্রাপ্ত সব সম্মাননা যেন তোমাকে আনন্দ দেয়। শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য যা করেছ, তার জন্য গোটা বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ।’
আবেগ ধরে রাখতে না পেরে নেইমার আরো বলেন, ‘আমাকে ফুটবলকে নতুন করে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যেমন সম্মানের ছিল, তার চেয়েও বড় সম্মানের ছিল তোমার পাশে খেলে ইতিহাসের অংশ হতে পারা। ধন্যবাদ, লিও মেসি।’
২০০৫ সালে অভিষেক হওয়া মেসি দেশের হয়ে খেলেছেন ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে ঝুলিতে রয়েছে ১২৫টি গোল। দেশকে এনে দিয়েছেন বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা শিরোপা।