বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাহিদ রহমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ July ২০২৬ | ০৯:১৭
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। সম্প্রতি তাকে এ পদে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পদোন্নতির আগে নাহিদ রহমান প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এর আগে সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ কর্মজীবনে নাহিদ রহমান বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ফাইন্যান্সে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি লাভ করেন। এছাড়া জাপান সরকারের জেডিএস স্কলারশিপের আওতায় রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নাহিদ রহমান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। পাশাপাশি ডিএফআই ও দ্য ফ্লেচার স্কুল, টাফটস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত সিডিএফপি বিষয়ে উচ্চতর পেশাগত সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। ব্যাংকিং ও আর্থিক খাত নিয়ে তার একাধিক গবেষণাপত্র ও প্রবন্ধ বিভিন্ন পেশাগত সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
খুলনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া নাহিদ রহমানের বাবা আতিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা সেলিমা রহমান গৃহিণী। তার স্বামী মো. আলমগীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
- বিষয় :