বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে
ঊর্ধ্বমুখী প্রবণতা, ব্যাংক খাতের দরপতনে কমল ডিএসই সূচক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ July ২০২৬ | ১২:১৫
টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের পুঁজিবাজারে বৃহস্পতিবার কিছুটা সংশোধনের চিত্র দেখা গেছে। অধিক সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করে। এর আগে টানা ছয় কার্যদিবসে সূচকটি মোট ২০৮ পয়েন্ট বেড়েছিল।
দিনের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের ব্যাপক দরপতন সূচককে নিচের দিকে টেনে আনে। অন্যদিকে বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং তথ্যপ্রযুক্তি খাতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়ে ইতিবাচক প্রবণতা দেখা যায়।
আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৮টির শেয়ারদর বৃদ্ধি পায়, মাত্র দুটি প্রতিষ্ঠানের দর কমে এবং তিনটির দর অপরিবর্তিত থাকে। ফলে খাতটির গড় শেয়ারদর প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়। এ খাতের দুর্বল মৌলভিত্তির আটটি কোম্পানির শেয়ার দিনের সর্বোচ্চ অনুমোদিত সীমা বা সার্কিট ব্রেকারে লেনদেন হয়।
বীমা খাতেও ছিল শক্তিশালী ঊর্ধ্বগতি। খাতটির ৫৮টি কোম্পানির মধ্যে ৫১টির শেয়ারদর বেড়েছে। এতে গড় মূল্যবৃদ্ধি হয়েছে প্রায় ২ শতাংশ। একইভাবে তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ৯টির দর বাড়ায় এ খাতের গড় শেয়ারদর ১ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ব্যাংক খাত ছিল পুরোপুরি চাপের মুখে। লেনদেনে অংশ নেওয়া ৩১টি ব্যাংকের মধ্যে কোনো ব্যাংকের শেয়ারদর বাড়েনি; বরং ২১টির দর কমেছে এবং বাকিগুলোর দর অপরিবর্তিত ছিল। এতে ব্যাংক খাতের গড় শেয়ারদর প্রায় ১ দশমিক ২৫ শতাংশ কমে যায়। এই খাতের দরপতনের কারণে ডিএসইএক্স সূচকে প্রায় ২৩ পয়েন্ট নেতিবাচক প্রভাব পড়ে, যা দিনের সামগ্রিক সূচক পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
দিন শেষে ডিএসইতে মোট ১৫৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৬৯টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। এছাড়া তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ছয়টির দর বেড়েছে, ১৩টির কমেছে এবং বাকি ফান্ডগুলোর দর অপরিবর্তিত ছিল।
- বিষয় :