দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ July ২০২৬ | ১০:০৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে রদবদল করেছে সরকার। এ পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মোহাম্মদ মনিরুল ইসলামকে অবিলম্বে কার্যকরভাবে দুদকের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
অপর প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ রদবদলের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
- বিষয় :