তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ June ২০২৬ | ১৩:৫২
বর্তমান সরকার জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দৃঢ় সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের কারণে অন্যান্য বছরের মতো এবার বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেনি।
বক্তব্যে তিনি দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, জ্বালানি এবং ক্রিয়েটিভ ইকোনমির উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের পানি সংকট এবং তিস্তা নদীকে ঘিরে জনদুর্ভোগের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান।
প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় পদ্মা ও তিস্তা নদী। বিএনপি সরকার সবসময় কৃষি ও কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেই কৃষকদের পানির অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।” তাঁর এ ঘোষণাকে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।
- বিষয় :