কমছে রপ্তানি ও ক্রয়াদেশ
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চাপে দেশের পোশাকশিল্প
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ June ২০২৬ | ১১:০৬
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে। জ্বালানি সংকট, বিদ্যুতের ঘাটতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রয়াদেশ কমে যাওয়ায় দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত নতুন করে চাপে পড়েছে।
জ্বালানির আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গত মে মাসে ঢাকাসহ আশপাশের এলাকায় প্রতিদিন গড়ে প্রায় দুই ঘণ্টা লোডশেডিং হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনে আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটেছে। উৎপাদন সচল রাখতে অনেক কারখানাকে ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের কর্মকর্তা আবিল বিন আমিন বলেন, তৈরি পোশাক শিল্প সময়নির্ভর হওয়ায় জেনারেটর চালু করতে ১০ থেকে ১৫ মিনিট সময় নষ্ট হলেও উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়। তাঁর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমেছে।
শিল্প খাতের সংকটের মধ্যে গত ৬ জুন দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপ তাদের নিটওয়্যার ও ডেনিম কারখানা থেকে প্রায় ১ হাজার ৯০০ শ্রমিক ছাঁটাই করেছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের সংকটের সঙ্গে যুদ্ধজনিত পরিস্থিতি যোগ হওয়ায় শিল্পের ওপর চাপ আরও বেড়েছে।
উৎপাদনে বিলম্ব, জাহাজীকরণে বিঘ্ন এবং পশ্চিমা দেশগুলোর বাজারে চাহিদা কমে যাওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোও ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে। জ্যাকেট প্রস্তুতকারক আবদুল্লাহ হিল নকিব জানান, যুদ্ধ শুরুর পর তাঁর প্রতিষ্ঠানের ক্রয়াদেশ প্রায় ২০ শতাংশ কমেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মে মাসে টানা দশম মাসের মতো দেশের পোশাক রপ্তানি কমেছে। বছরওয়ারি হিসাবে এ খাতে রপ্তানি হ্রাস পেয়েছে প্রায় ৮ শতাংশ।
সংকট মোকাবিলায় গত মে মাসে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে তৈরি পোশাক খাতের জন্য। তবে উদ্যোক্তাদের অভিযোগ, প্রায় ৭ শতাংশ সুদে এই ঋণ গ্রহণ করা বর্তমান পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে পড়বে।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, করোনা মহামারির সময়ের মতো এবারও উৎপাদন ব্যয় বেড়ে গেলেও আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের দাম বাড়াতে অনাগ্রহী থাকলে দেশের পোশাক শিল্প আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
- বিষয় :