ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান icon স্থানীয় সরকার নির্বাচনে কঠোর আচরণবিধি আনছে ইসি icon জর্ডানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট আর্জেন্টিনার icon যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি icon মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী icon মুক্তিযুদ্ধের ইতিহাস ও সমসাময়িক রাজনীতি নিয়ে বিতর্ক: জামায়াতের ভূমিকা ঘিরে আলোচনা তীব্র icon নিয়োগ হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ! icon পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান icon বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা icon ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, চরম ঝুঁকিতে প্রায় ১৫ কোটি মানুষ

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান


                            বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ June ২০২৬ | ০৯:৩৩

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, পরিবেশ, প্রযুক্তি ও শিল্পসহ বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

গত ২৫ জুন অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস (ট্যাক্স আউটলুক) প্রকাশ করেছে। দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার এই উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক সাড়া পেয়েছে।

বৈঠকে চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়। সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।

এছাড়া চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ এবং মোংলাকে আঞ্চলিক লজিস্টিকস হাবে পরিণত করতে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার এবং এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম নির্মাণে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

অন্যদিকে হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন, লিথিয়াম ব্যাটারি কারখানা এবং ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানায়।

পরিবেশবান্ধব শিল্প খাতে ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা প্রকল্পে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

এছাড়া সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যৌথভাবে রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব এসেছে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড থেকে। প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

এছাড়া চায়না কেপাই এডুকেশন গ্রুপ ৩০ হাজার শিক্ষার্থী ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭০ মিলিয়ন ডলার এবং চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে চীনা ভেষজ উদ্ভিদের চাষ ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা তুলে ধরেছে।

বিডা মনে করছে, এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয় :

আরও পড়ুন

×