‘মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে’
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ June ২০২৬ | ১৪:০৬
মাদক থেকে দূরে থাকতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ক্রীড়াচর্চা শুধু সুস্থ জীবনধারা গড়ে তোলে না, বরং সমাজকে নানা ধরনের অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকেও রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ক্রীড়াঙ্গনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অলিম্পিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য দেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে তিনি ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।
- বিষয় :