মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন দেশম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ June ২০২৬ | ০৯:৪৯
বিশ্বকাপ চলাকালীন ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্ট ছেড়ে নিজ দেশ ফ্রান্সে ফিরছেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানায়, মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশম দেশে ফিরছেন। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন সহকারী কোচ।
ফলে গ্রুপ ‘আই’-এ নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ ম্যাচে ডাগআউটে দেখা যাবে না অভিজ্ঞ এই কোচকে।
তবে ইতোমধ্যেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ‘লে ব্লু’রা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২-এ নিজেদের অবস্থান নিশ্চিত করেছে ফরাসিরা।
২০১২ সাল থেকে ফ্রান্স দলের দায়িত্ব পালন করে আসছেন দেশম। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ফ্রান্স। এছাড়া ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০২২ বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল দলটি, যদিও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি।
আসরের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়ার কথা রয়েছে দেশমের। ফলে এটিই হতে যাচ্ছে তার কোচিং ক্যারিয়ারের শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।
- বিষয় :