গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও শ্রমবাজার
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ June ২০২৬ | ০৯:৫৬
কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হবে। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
মধ্যাহ্নভোজ উপলক্ষে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মালয় ও বাংলা ভাষায় গানসহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
- বিষয় :