আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২১ June ২০২৬ | ১০:০৯
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে স্বাধীন ও সার্বভৌম মর্যাদার সঙ্গে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর লক্ষ্যে আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, এই বিপ্লব কোনো দল, পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং জাতীয় সম্মান, শক্তি ও সাহসের ভিত্তিতে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য।
শনিবার খুলনা সার্কিট হাউস ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বিএনপির সমালোচনা করে বলেন, দলটি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তিনি বিএনপিকে ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, জনরায়ের প্রতি অসম্মান দেখানোর পরিণতি অতীতে বহুবার দেখা গেছে। এরপরও শিক্ষা না নিলে ভবিষ্যতেও তাদের শিক্ষা হবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করা হলে জনগণ তা মেনে নেবে না। সরকার যদি দেশের স্বার্থবিরোধী কোনো অবস্থান নেয়, তাহলে বিরোধী দলও কঠোর অবস্থান গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, ভোটে কারচুপি ও প্রকৌশলের মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে সংসদে তাদের বর্তমান অবস্থান থেকেই তারা দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবেন বলে জানান। একই সঙ্গে তিনি বলেন, দাবি-দাওয়া সংসদে সমাধান না হলে দেশের বিভিন্ন প্রান্তে জনমত আরও শক্তিশালী আন্দোলনের রূপ নেবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুশইনের নামে প্রতিবেশী একটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির সদস্যদের প্রতি দেশের জনগণ সমর্থন জুগিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ কোনো প্রতিবেশীর শান্তি বিঘ্নিত করতে চায় না, তবে দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ এলে তা প্রতিহত করা হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে। তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল কুদ্দুস, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টির যুগ্মসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
- বিষয় :