ময়মনসিংহে সিভিল সার্জন নেই ৮ মাস, স্বাস্থ্যখাতে চলছে অস্থিরতা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৭:৩১
কর্মচারীদের অভিযোগ, ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক কর্মচারীর অযৌক্তিক বদলি এবং মিথ্যা অভিযোগে তদন্তের ঘটনা ঘটেছে। এ আট মাসে অন্তত ৩২ জন কর্মচারীকে বদলি করা হয়েছে এবং ৫ জনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিশেষভাবে অভিযোগ উঠেছে, বিতর্কিত ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসান ভারপ্রাপ্ত সিভিল সার্জনের কাছ থেকে অযাচিত প্রাধান্য পান। ইমরানের বিরুদ্ধে পূর্বে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ থাকলেও তিনি ময়মনসিংহে আবার যোগদান করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিভিল সার্জনের পিএ মো. সুলতান উদ্দিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে ক্লিনিকে অর্থ গ্রহণ করতে দেখা গেছে। সুলতান অভিযোগ করেছেন, ভিডিওটি ইমরানের ষড়যন্ত্রের অংশ।
নাগরিক সমাজের প্রতিনিধিরা সতর্ক করেছেন যে, সিভিল সার্জনের শূন্য পদ ও অফিসের কাদা ছোড়াছোড়ি ময়মনসিংহের স্বাস্থ্য ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করছে। তারা দ্রুত সিভিল সার্জন নিয়োগ ও অস্থিরতা সৃষ্টিকারী কর্মচারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, শূন্য পদে নতুন সিভিল সার্জন নিয়োগের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
- বিষয় :