করদাতাকে দেওয়া রসিদেই দেখানো হবে কর কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ May ২০২৬ | ২০:২৭
তিনি জানিয়েছেন, ভবিষ্যতে করদাতারা এমন একটি রসিদ পাবেন যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে তাদের প্রদত্ত করের অর্থ কোন খাতে কতটা ব্যয় করা হয়েছে—বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বাজেট থেকেই এই ব্যবস্থা চালু করার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আয়োজিত প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিবিএ) এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস।
তিতুমীর বলেন, দেশে কর ফাঁকি ও কর জালিয়াতির পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি বড় ভূমিকা রয়েছে। তার মতে, একটি গোষ্ঠীতান্ত্রিক কাঠামো দীর্ঘদিন ধরে কর ব্যবস্থায় অনিয়মকে প্রশ্রয় দিয়ে আসছে, যার ফলেই এই সমস্যা গভীর হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা বৈশ্বিক তুলনায় অত্যন্ত কম। তার ভাষায়, উন্নয়নের বড় বড় লক্ষ্য ঘোষণা করা হলেও কর ব্যবস্থার ভিত্তি এখনো দুর্বল রয়ে গেছে।
কর ব্যবস্থায় সংস্কারের প্রসঙ্গে তিনি ‘সংযুক্তি’ ও ‘বিযুক্তি’ ধারণা তুলে ধরেন। তার ব্যাখ্যায়, ‘বিযুক্তি’ মানে করদাতা ও কর কর্মকর্তার মধ্যে সরাসরি যোগাযোগ কমানো, আর ‘সংযুক্তি’ হলো নাগরিককে স্বচ্ছভাবে জানানো—তার কর কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে।
তিনি বলেন, সরকার করহার বাড়াতে নয়, বরং অর্থনীতির পরিধি বৃদ্ধি করে রাজস্ব আহরণ বাড়াতে চায়। প্রত্যক্ষ কর বাড়ানোর ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধিকে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন তিনি।
ড. তিতুমীর জানান, অর্থনৈতিক সংস্কারের জন্য সরকার তিনটি টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি অনানুষ্ঠানিক খাতকে মূল অর্থনীতির সঙ্গে যুক্ত করা, বন্ধ শিল্প পুনরায় চালু, ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রণোদনা এবং এসএমই নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সমতা ভিত্তিক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে সৃজনশীল বা অরেঞ্জ ইকোনমিকে গুরুত্ব দিয়ে শিল্পী, ডিজাইনার, গেম নির্মাতা ও ফ্যাশন উদ্যোক্তাদের অর্থনীতির মূলধারায় আনার পরিকল্পনাও চলছে।
বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, বন্ধ শিল্প-কারখানা চালুর জন্য বিশেষ ঋণ ও রিফাইন্যান্সিং স্কিম নিয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিটিএমএ সভাপতি, এমসিসিআই সভাপতি, অ্যামচেম সভাপতি, আইসিএবি সভাপতি এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদকসহ বিভিন্ন খাতের নেতৃবৃন্দ।
- বিষয় :